মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে আগুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকার টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

Jan 13, 2026 - 11:16
 0  2
মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে আগুন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকার টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে প্রকল্পসংলগ্ন এলাকার অনেক বাসিন্দা ঘটনাস্থলের আশপাশে ছুটে আসেন।

খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত আনুমানিক ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন বলেন, “বিদ্যুৎ কেন্দ্রটির স্ক্র্যাপ রাখার ইয়ার্ডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।”

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি দমকল কর্তৃপক্ষ। এ বিষয়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যা দেশের বিদ্যুৎ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত।

এমবি এইচআর