বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত
মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) সকালে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে মিয়ানমারের ভেতরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত কিশোরীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। ৬৪ বিজিবির অধিনায়ক নিজে ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ‘মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলির শব্দ শোনা যায়। আজ ভোরেও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে আহত হয়ে আরসা গ্রুপের কিছু সদস্য সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছে। এ পরিস্থিতিতে রবিবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় জনতা। তাদের দাবি, রোহিঙ্গা সমস্যা নিরসনে সরকারকে আরও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।
এমবি এইচআর

