রামুতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ নারী গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।

Jan 7, 2026 - 18:39
 0  3
রামুতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ নারী গ্রেপ্তার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, দুটি পুরাতন জংধরা পিস্তল, ছয়টি বড় চায়নিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, চারটি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, একটি বড় বন্দুকের বাঁটের অংশ বিশেষ, দুটি লম্বা ধারালো দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল ফোন এবং একটি কাটার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জেসমিন সুলতানা রিয়া স্বীকার করেছেন যে উদ্ধারকৃত অস্ত্রগুলো কুখ্যাত ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং ডাকাত রহিমের। তিনি দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের বিভিন্ন অপকর্মে সহযোগী হিসেবে যুক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পলাতক ডাকাত ল্যাং আবছার ও রহিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

এমবি এইচআর