ছুটির মৌসুমে সেন্ট মার্টিনে পর্যটক ঢল, ডিসেম্বরের সব টিকিট শেষ
বিজয় দিবস ও বছরের শেষ ভাগের সরকারি ছুটি ঘিরে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের চাপ বেড়েছে। এরই মধ্যে ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী সব জাহাজের প্রায় সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিজয় দিবস ও বছরের শেষ ভাগের সরকারি ছুটি ঘিরে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের চাপ বেড়েছে। এরই মধ্যে ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী সব জাহাজের প্রায় সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। সরকারের নির্ধারিত দৈনিক দুই হাজার যাত্রীর সীমা অনুযায়ী এসব টিকিট বিক্রির ফলে এ সময়ের মধ্যে সেন্ট মার্টিনে ভ্রমণ করবেন প্রায় ৪০ হাজার পর্যটক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত নয়, আগামী ১১ জানুয়ারি পর্যন্তও প্রায় অর্ধেক টিকিট বিক্রি শেষ হয়েছে। ফলে আসন্ন দিনগুলোতে দ্বীপটিতে পর্যটকদের ভিড় আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, চলতি মাসের ১ ডিসেম্বর থেকে এই নৌপথে জাহাজ চলাচল শুরুর পর ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২২ হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করেছেন। সরকারি ট্রাভেল পাস ব্যবস্থার আওতায় প্রতিদিন নির্ধারিত সংখ্যক পর্যটকই দ্বীপে প্রবেশের অনুমতি পাচ্ছেন।
সরকারি ট্রাভেল পাস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যাত্রার প্রথম ১৪ দিনের মধ্যে সর্বোচ্চ পাস ইস্যু করা হয় ১৪ ডিসেম্বর। ওই দিন দুই হাজার পাসের বিপরীতে ইস্যু করা হয় ১ হাজার ৮৭১টি পাস। ছয়টি জাহাজে করে সেদিন সেন্ট মার্টিনে যান ১ হাজার ৮৫৬ জন পর্যটক।
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, শুরুর দিকে যাত্রী কম থাকলেও সরকারি ছুটি শুরু হওয়ায় তৃতীয় সপ্তাহে হঠাৎ করেই পর্যটকের চাপ বেড়ে যায়। ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। ২৫ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় ওই সময়েও ভ্রমণের চাপ থাকবে।
তিনি আরও বলেন, নভেম্বর মাসে রাতযাপনের অনুমতি না থাকায় পর্যটকদের আগ্রহ তুলনামূলক কম ছিল। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত রাতযাপনের সুযোগ থাকায় বর্তমানে প্রতিদিন অনুমোদিত ছয়টি জাহাজ নিয়ম মেনে যাত্রী পরিবহন করছে।
এদিকে সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালাচ্ছে। নজরদারির মধ্যেও গত দুই সপ্তাহে কয়েকটি অনিয়ম ও টিকিট জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।
যাত্রা শুরুর দিন ১ ডিসেম্বর ট্রাভেল পাস ছাড়াই টিকিট বিক্রির দায়ে ‘কেয়ারি সিন্দাবাদ’ নামের একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ ডিসেম্বর নুনিয়ারছড়া ঘাটে নকল কিউআর কোড সংবলিত টিকিট শনাক্ত করে টুরিস্ট পুলিশ। একই টিকিটে একাধিক যাত্রী ভ্রমণের চেষ্টা করলে বিষয়টি ধরা পড়ে। সবশেষ ১১ ডিসেম্বর মানিকগঞ্জ থেকে আসা ৪৪ জন পর্যটক একটি ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হন। অভিযোগের ভিত্তিতে ওই এজেন্সিকেও জরিমানা করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে ট্যুরিস্ট পুলিশ সার্বিক সহায়তা করছে এবং জালিয়াতির ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, প্রতিদিন ভোর থেকেই ঘাট এলাকায় তদারকি করা হচ্ছে। নির্ধারিত সীমার বাইরে কোনো পর্যটক পরিবহন করা যাবে না। নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ২০২৩ সালে দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়। চলতি বছরের অক্টোবরে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় ১২ দফা নির্দেশনা জারি করে সরকার, যা বর্তমানে কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে।
এমবি এইচআর

