হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাত হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (২২ অক্টোবর) রাতে রাজধানীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তার সাজ্জাত হোসেন সাগর মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর পালিয়ে যান সাগর। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে দেশে ফেরত আসেন। দেশে ফিরে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, “গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এমবি/টিআই

