এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী সেতুর ওপর মাওয়ামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার ইমন ভুইয়া (২৬) এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। সম্পর্কে তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত কোনো গাড়ি মোটরসাইকেলটিকে জোর ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এমবি/টিআই

