না ফেরার দেশে অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড

Nov 4, 2025 - 23:37
 0  2
না ফেরার দেশে অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড

মেঘনাবার্তা প্রতিনিধি:
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও অস্কার-মনোনীত শিল্পী ডায়ান ল্যাড আর নেই। সোমবার (৪ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্নের মা।

১৯৩৫ সালের ২৯ নভেম্বর মিসিসিপির লরেল শহরে জন্ম নেওয়া ডায়ান ল্যাড ছিলেন পশুচিকিৎসক প্রেস্টন পল ল্যাডনার ও অভিনেত্রী মেরি বার্নাডেট ল্যাডনারের একমাত্র সন্তান। শৈশবেই অভিনয়, নাচ ও গান শেখা শুরু করেন তিনি।

ডায়ান ল্যাডের অভিনয়জীবন ছয় দশকজুড়ে বিস্তৃত। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে Alice Don’t Live Here Anymore, Wild at Heart, Rambling Rose, Ghosts of Mississippi এবং Joy। তিনি তিনবার একাডেমি অ্যাওয়ার্ড ও তিনবার এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন।

হলিউডে প্রবেশের সময় নিজের পদবি “ল্যাডনার” থেকে ছোট করে “ল্যাড” রাখেন। ১৯৬৬ সালে The Wild Angels চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার, যেখানে একসঙ্গে অভিনয় করেছিলেন ন্যান্সি সিনাত্রা, ব্রুস ডার্ন ও পিটার ফন্ডা।

মার্টিন স্করসেসির ১৯৭৪ সালের চলচ্চিত্র Alice Don’t Live Here Anymore-এ ফ্লো চরিত্রে অভিনয়ের মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য প্রথম অস্কার মনোনয়ন পান ল্যাড। পরে একই গল্প নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ Alice-এর মাধ্যমে তিনি গোল্ডেন গ্লোব জয় করেন।

১৯৯১ সালের Rambling Rose চলচ্চিত্রে মা-মেয়ে—ডায়ান ল্যাড ও লরা ডার্ন—দুজনেই অস্কারে মনোনয়ন পান, যা ছিল ইতিহাসে বিরল এক ঘটনা। পরবর্তী সময়ে তারা একসঙ্গে কাজ করেছেন Citizen Ruth, Inland Empire এবং এইচবিও সিরিজ Enlightened-এও।

ব্যক্তিজীবনে ল্যাড তিনবার বিয়ে করেছেন। প্রথম স্বামী ছিলেন অভিনেতা ব্রুস ডার্ন, যাঁর সঙ্গে তাঁর দুই মেয়ে—ডায়ান ও লরা। পরবর্তীতে উইলিয়াম এ. শিয়া জুনিয়র ও পরে রবার্ট চার্লস হান্টারকে বিয়ে করেন। রবার্ট ২০২৪ সালের জুলাইয়ে মারা যান।

ডায়ান ল্যাডের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন এই কিংবদন্তি শিল্পীকে, যিনি নারী চরিত্রগুলিকে বাস্তব ও শক্তিশালীভাবে পর্দায় উপস্থাপনের জন্য আজও অনন্য।

এমবি/এসআর