মা-বোনদের এলপিজি কার্ড দেওয়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী
গ্যাস সংকট নিরসনে নতুন উদ্যোগ হিসেবে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গ্যাস সংকট নিরসনে নতুন উদ্যোগ হিসেবে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশের সাধারণ ও নারীপ্রধান পরিবারগুলোর কাছে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড পৌঁছে দেওয়া হবে।
সোমবার যশোর জেলার উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রান্নাবান্নার ক্ষেত্রে গ্রামের ও শহরের মা-বোনদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড যেমন বিতরণ করা হচ্ছে, তেমনি এলপিজি কার্ডের মাধ্যমে গ্যাস সুবিধা সহজলভ্য করা হবে, যাতে নারীরা রান্নার কাজে আর কষ্টে না পড়েন।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। একইসঙ্গে খাল খননসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং বিশেষ করে নারীদের দৈনন্দিন কষ্ট অনেকটাই লাঘব হবে।
এমবি এইচআর

