আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ-এর একটি আদালত।

Apr 21, 2026 - 12:22
 0  2
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ-এর একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

ঘটনার সূত্রপাত গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হরিপুর জামে মসজিদে দেওয়া এক বক্তব্য থেকে। জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক ওই পদে বদলি হয়ে আসতে প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পর গত ১৩ এপ্রিল তার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, এমন ভিত্তিহীন অভিযোগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করতে বলা হয়। তবে নির্ধারিত সাত দিনের মধ্যে তিনি কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্বশীল অবস্থানে থেকেও তথ্যপ্রমাণ ছাড়া প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা আইনত দণ্ডনীয়। এতে সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানি হয়েছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এসব বিবেচনায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান তিনি।

এমবি এইচআর