মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রথমে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। পরে একই প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিকে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন ইনু। তিনি জুলাই গণ-অভ্যুত্থানকে ‘সো-কলড’ বলে মন্তব্য করেছেন, যা প্রসিকিউশনের মতে রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রসিকিউশনের আবেদনে রিভিউটি বাতিলের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কুষ্টিয়ার ছয়জনকে হত্যার মামলায় ইনুর বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে, যেখানে বলা হয়েছে—জুলাই-আগস্টের আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে তিনি নির্দেশনা দিয়েছেন। গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে।
এমবি এইচআর

