যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে চুক্তি ছাড়াই দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে চুক্তি ছাড়াই দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ আলোচনায় পারমাণবিক কর্মসূচিসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হলেও দুই পক্ষের অবস্থানগত পার্থক্য কাটেনি।
সংক্ষিপ্ত বক্তব্যে ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
ভ্যান্সের ভাষ্য, আলোচনার ব্যর্থতা পাকিস্তানের কারণে নয়; বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মৌলিক মতপার্থক্যই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ স্পষ্ট করেছে—ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দিতে হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয়তা দেখালেও ইরান তাদের শর্ত মেনে নেয়নি। ফলে কোনো অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ করতে হয়েছে।
ভ্যান্স আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আবার আলোচনার সুযোগ তৈরি হতে পারে এবং তখন কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
এমবি এইচআর

