ইতিহাস গড়ে মাস্ক, সম্পদমূল্য ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

ব্যক্তিগত সম্পদমূল্যের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তাঁর সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

Dec 21, 2025 - 11:42
 0  2
ইতিহাস গড়ে মাস্ক, সম্পদমূল্য ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ব্যক্তিগত সম্পদমূল্যের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তাঁর সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদমূল্য ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। এই ধারাবাহিক উত্থান অব্যাহত থাকলে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে তাঁর সম্পদমূল্য এক ট্রিলিয়ন ডলার স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহেই মাস্কের সম্পদমূল্য ৬০০ বিলিয়ন ডলার অতিক্রম করে। তাঁর মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার বাজারে আসতে পারে—এমন খবরে টেসলা ও অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। এর প্রভাব পড়ে মাস্কের মোট সম্পদমূল্যে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি সম্পদমূল্য দ্রুত বেড়ে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের আদালতের একটি রায়ের বড় ভূমিকা রয়েছে। ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বহাল রাখার নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার দেওয়া এই রায়কে মাস্কের জন্য বড় ধরনের আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

২০১৮ সালে সই হওয়া এক চুক্তি অনুযায়ী মাস্কের পারিশ্রমিক নির্ধারিত হয় প্রায় ৫৬ বিলিয়ন ডলার। টেসলার বর্তমান শেয়ারদর অনুযায়ী এই বেতন প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৩৯ বিলিয়ন ডলারে। এই শেয়ারগুলো হাতে পেলে টেসলায় মাস্কের মালিকানা ১২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ১ শতাংশে উন্নীত হবে।

বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট একাডেমির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার বা এক ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারেন। সংস্থাটি জানিয়েছে, মাস্কের সম্পদমূল্য প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে তিনিই হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার।

তবে এই দৌড়ে মাস্ক একা নন। ইনফরমার তথ্যানুসারে, বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারে এনভিডিয়ার চিপের চাহিদা বাড়ায় হুয়াংয়ের সম্পদমূল্যও দ্রুত বাড়ছে।

এদিকে ইলন মাস্কের সঙ্গে অন্যান্য শীর্ষ ধনীদের ব্যবধান ক্রমেই বাড়ছে। ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদমূল্য ২৫২ দশমিক ৬ বিলিয়ন ডলার। তাঁর সঙ্গে মাস্কের ব্যবধান প্রায় ৫০০ বিলিয়ন ডলার।

তালিকার তৃতীয় স্থানে থাকা ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সম্পদমূল্য ২৪২ দশমিক ৭ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (২৩৯ দশমিক ৪ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন (২৩৩ দশমিক ১ বিলিয়ন ডলার)।

বিশ্লেষকদের মতে, টেসলা, রোবোটিকস, মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইলন মাস্ক নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, যেখানে অন্যদের পক্ষে তাঁকে ধরা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এমবি এইচআর