এসবি লিংক বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

Oct 16, 2025 - 19:22
 0  3
এসবি লিংক বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নওরীন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি বাস বিদ্যালয়ের সামনে নওরীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।”

তিনি আরও জানান, ঘাতক বাসের চালক ধামরাই উপজেলার রুহুল আমিনের ছেলে রাজু মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এমবি/টিআই