ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

Oct 17, 2025 - 09:33
 0  2
ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

মেঘনাবার্তা প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বড় চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে সজীব বর্মন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে ঢামেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী লিটন চক্রবর্তী জানান, তার শ্বশুর অরুণ চক্রবর্তীকে চিকিৎসার জন্য নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। এরপর সজীব বর্মন নিজেকে বড় চিকিৎসক পরিচয় দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি বলেন, “সজীব একটি ইনজেকশনের নাম লিখে প্রথমে ১০০ টাকা, পরে ইনজেকশন পুশ করার জন্য আরও ৫০০ টাকা দাবি করেন। এরপর তিনি মোবাইল নিয়ে ছবি তোলার চেষ্টা করলে সন্দেহ হয়। আনসার সদস্যদের সহায়তায় আমরা তাকে ধরে ফেলি।”

ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম মিয়া জানান, আটককৃত ব্যক্তি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেছেন। এর আগেও একই ব্যক্তিকে তিন-চারবার হাসপাতালে প্রতারণার সময় ধরা হয়েছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আনসার সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।”

এমবি/এসআর