জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা খুন!
মেঘনাবার্তা প্রতিনিধি: পুরান ঢাকার একটি ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা ভবনের সিঁড়িতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের নাম জুবায়েদ রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাস্থলটি তার টিউশনির বাসা ছিল। সেখানে টিউশনি করার সময়ই এ ঘটনা ঘটে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত মৃত্যুর কারণ বা ঘটনার পেছনে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
এদিকে জুবায়েদের সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীরা ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এমবি/এসআর

