ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, গ্রেপ্তার ১
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোববার (২০ অক্টোবর) পুলিশের অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোববার (২০ অক্টোবর) পুলিশের অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করা হয় উপজেলার শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর শশীদল এলাকায়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পুলিশে উপস্থিত ছিলেন উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিন।
পুলিশের সূত্রে জানা গেছে, মো. কাউছার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে নুরুল ইসলামের বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে ৬০ কেজি রোদে শুকানো গাঁজা ও পুকুর পাড়ে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি সাজেদুল ইসলাম বলেন, “বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। মাদক ও ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এক জনকে আটক করা হয়েছে, এবং অচিরেই জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”
এমবি/টিআই

