আলমডাঙ্গায় জাল টাকাসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাল টাকাসহ হৃদয় (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Oct 22, 2025 - 19:04
 0  2
আলমডাঙ্গায় জাল টাকাসহ যুবক আটক

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাল টাকাসহ হৃদয় (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের নগর বোয়ালিয়া কবরস্থানের কাছে একটি দোকানে জাল নোট চালানোর সময় তাকে ধরে ফেলে স্থানীয়রা। তবে তার সহযোগী রাব্বি (২০) পালিয়ে যায়।

আটক হৃদয় আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের কামাল উদ্দীনের ছেলে। পলাতক রাব্বি একই গ্রামের বিপুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় ও রাব্বি মোটরসাইকেলে করে একটি দোকানে গিয়ে সিগারেট কেনার সময় ৫০০ টাকার একটি নোট দেন। দোকানদার নোটটি পরীক্ষা করে জাল টাকা বুঝতে পারলে রাব্বি পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় হৃদয়কে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের কাছ থেকে আরও একটি ৫০০ টাকার জাল নোট এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা পশুহাট থেকে জাল নোট সংগ্রহ করে বিভিন্ন দোকানে চালানোর পরিকল্পনা করেছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, ‘হৃদয়কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগী রাব্বিকে ধরতে অভিযান চলছে। পাশাপাশি জাল টাকা চক্রের উৎস শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’

এমবি/টিআই