৯০ দিনে কোরআনে হাফেজ হলেন ৯ বছরের মাহদী
মেঘনাবার্তা প্রতিনিধি: অবিশ্বাস্য হলেও সত্যি—মাত্র তিন মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে সবার মন জয় করেছে ৯ বছর বয়সী মাহদী হাসান। তার এই সাফল্যে আনন্দে ভাসছেন শিক্ষক, পরিবার ও সহপাঠীরা।
ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাজিব আহমেদ ও শাপলা খাতুন দম্পতির দ্বিতীয় ছেলে মাহদী। সে স্থানীয় ইলমুল কুরআন আদর্শ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
মাহদী জানান, “অল্প সময়ে হাফেজ হতে পেরে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদরা অনেক সাহায্য করেছেন। আমি ভেবেছিলাম খুব কঠিন হবে, কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। দোয়া করবেন যেন ভবিষ্যতে বড় একজন আলেম হতে পারি।”
গর্বভরে মাহদীর বাবা রাজিব আহমেদ বলেন, “আমার মা-বাবার স্বপ্ন ছিল আমি আলেম হবো, কিন্তু পারিনি। আজ আমার ছেলেই সেই স্বপ্ন পূরণ করেছে। আমরা মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। সবাই তার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে ইসলামের খেদমতে কবুল করেন।”
এমবি/এসআর

