আদালতে দায় স্বীকার করলেন প/র্ন তারকা আজিম-বৃষ্টি
মেঘনাবার্তা প্রতিনিধি: পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেপ্তার আলোচিত বাংলাদেশি পর্ন তারকা যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি আদালতে দায় স্বীকার করেছেন। রোববার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের পৃথক আদালতে তারা স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আজিম ও বৃষ্টিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গত ২০ অক্টোবর ভোররাতে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ওই সময় পর্ন ভিডিও তৈরির সরঞ্জাম হিসেবে মোবাইল ফোন, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ নানা আলামত জব্দ করা হয়।
মামলার তদন্তে জানা গেছে, আজিম ও বৃষ্টি একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে নিয়মিত ভিডিও আপলোড করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম—ফেসবুক, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামের মাধ্যমেও নিজেদের ভিডিওর প্রচারণা চালাতেন।
তারা শুধু নিজেরাই এসব কনটেন্ট তৈরি করতেন না, বরং অন্যদেরও এই অবৈধ কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করতেন। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। এরপর গত এক বছরে প্রকাশিত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়।
এ ঘটনায় সিআইডির সাইবার তদন্ত বিভাগের উপপরিদর্শক শামীম হোসেন পল্টন মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এমবি/এসআর

