নারায়ণগঞ্জে আজ থেকে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস
নারায়ণগঞ্জে আগামী দুই দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে আগামী দুই দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা এই সরবরাহ বন্ধ থাকবে।
তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরিপুর ভাল্ব স্টেশনের মডিফিকেশন ও আন্তঃসংযোগ আইসোলেশন কাজের অংশ হিসেবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য জিটিসিএল ও তিতাসের সঞ্চালন লাইনের কয়েকটি আন্তঃসংযোগ ভাল্ব সাময়িকভাবে বন্ধ থাকবে—এর মধ্যে রয়েছে লাঙ্গলবন্দ স্টেশনের ৩০ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি ভাল্ব, দেওয়ানবাগ স্টেশনের ৮ ইঞ্চি ব্যাসের ভাল্ব ও দিঘীবরাব সিজিএসের ২০ ইঞ্চি আন্ডারগ্রাউন্ড ভাল্ব। প্রয়োজনে তারাব ও দিঘীবরাব স্টেশনের আরও কিছু ভাল্বও বন্ধ করা হতে পারে।
এ কারণে আজ রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত (১২ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের পুরো নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, শ্যামপুর (বিসিক) ও আশপাশের এলাকায়। একই সময়ে ইজিসিবির ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট ও ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, ১২ ঘণ্টা পর লাঙ্গলবন্দ স্টেশনের ভাল্ব খুলে দেওয়া হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ স্বাভাবিক হবে। তবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।
এ ছাড়া পুরো ৪৮ ঘণ্টা ধরে রূপগঞ্জ, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, সিটি ইকোনমিক জোন ও রহিম এনার্জি লিমিটেড এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, “কাজটি সম্পন্ন হলে হরিপুর ভাল্ব স্টেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে।”
এমবি/টিআই

