সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি ১২৫০

Oct 29, 2025 - 17:48
 0  2
সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি ১২৫০

মেঘনাবার্তা প্রতিনিধি: সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একে অপরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায় মোট ১ হাজার ২৫০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন আহমেদ খান পৃথকভাবে মামলাগুলো করেন।

ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলায় অভিযোগ করা হয়েছে, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হামলা, মারধর, হোস্টেল ভাঙচুর ও অস্ত্রের মুখে বক্তব্য আদায়সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। এতে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

অন্যদিকে, সিটি ইউনিভার্সিটির মামলায় দুষ্কর্ম, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়েছে ফাহাদ নামে এক শিক্ষার্থীসহ এক হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।

ওসি জুয়েল মিয়া বলেন, “দুটি মামলাই তদন্তাধীন। প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের খাগান এলাকায় থুথু ফেলা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভবন ও বাসে ভাঙচুর-অগ্নিসংযোগ করে।

এমবি/এসআর