সকাল থেকে স্বাভাবিক মেট্রোরেল চলাচল

Oct 30, 2025 - 10:48
 0  2
সকাল থেকে স্বাভাবিক মেট্রোরেল চলাচল

মেঘনাবার্তা প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থলে সামান্য কম্পন দেখা দিয়েছিল। নিরাপত্তার স্বার্থে সে অংশে চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, “বর্তমানে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল স্বাভাবিকভাবে চলছে।”

গত রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়, এতে এক পথচারী নিহত হন। ওই দুর্ঘটনার পর পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়।

পরে ধাপে ধাপে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়—উত্তরা থেকে আগারগাঁও বিকেল ৩টা থেকে, মতিঝিল থেকে শাহবাগ সন্ধ্যা সোয়া ৭টা থেকে। সোমবার সকাল ১১টায় পুরো রুটে চলাচল স্বাভাবিক করা হয়।

তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলে এখনো ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে ওই অংশে ট্রেনের গতি সীমিত রাখা হয়েছে।

ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।

এমবি/এসআর