টঙ্গীর শীর্ষ মাদক কারবারি মোমেলা পুলিশের হাতে গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে আলোচিত নারী মাদক কারবারি মোমেলা আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে আলোচিত নারী মাদক কারবারি মোমেলা আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) রাতে টঙ্গী ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তার মোমেলা ওই বস্তির বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর রাতে মোমেলার বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে ঘর তল্লাশি করে ৪০০ ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এএসআই মাজাহারুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ব্যাংকের মাঠ বস্তির একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোমেলা প্রায় দুই দশক ধরে টঙ্গী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন এবং এর মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান জানান, গ্রেপ্তারের পর সোমবার দুপুরে মোমেলাকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এমবি/টিআই

