ঘুমন্ত কন্যাশিশুকে ছুরিকাঘাতে হত্যা, বাবা আটক

টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত তিন বছর বয়সী শিশুকন্যা তোহাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বাবা।

Nov 3, 2025 - 16:42
 0  2
ঘুমন্ত কন্যাশিশুকে ছুরিকাঘাতে হত্যা, বাবা আটক

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত তিন বছর বয়সী শিশুকন্যা তোহাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার বাবা। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ আজ সোমবার সকালে অভিযুক্ত বাবা মুক্তার আলীকে আটক করেছে।

নিহত তোহা কাইতকাই গ্রামের মুক্তার আলী ও রুমি আক্তারের মেয়ে। পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং তার চিকিৎসা চলছিল।

রাতের খাবার খেয়ে দম্পতি ও তাদের মেয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে মুক্তার আলী ঘুমন্ত মেয়ের বুক ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। শিশুটির মা রুমি আক্তার জেগে উঠে চিৎকার দিলে মুক্তার আলী পালিয়ে যান। প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান বলেন, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মেয়েকে হত্যা করেছে মুক্তার আলী। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

—এমবি/টিআই