স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব তলব
মেঘনাবার্তা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে তাদের নামে থাকা সম্পদের বিস্তারিত হিসাব দাখিলের জন্য নোটিশ পাঠিয়েছে।
দুদক সূত্র জানায়, দায়িত্ব পালনের সময় অস্বাভাবিক সম্পদ অর্জন, অনিয়ম ও প্রভাব খাটানো সংক্রান্ত অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাদের নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের উৎস ও বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দুদক তাদের প্রাথমিকভাবে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে, যেখানে আয়-ব্যয়ের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই তথ্য যাচাইয়ের পর পরবর্তী পর্যায়ে সম্পদের বিস্তারিত হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দিলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্বাস্থ্য খাত-সংক্রান্ত দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব পালনকালে কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অপব্যবহার, নিয়োগ বাণিজ্য ও সরবরাহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদ যাচাই প্রক্রিয়া শুরু করা হয়।
তুহিন ফারাবীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলা। তাকে নিজের এবং স্ত্রী ও সন্তানদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, আয়কর নথি ও ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে বলা হয়েছিল।
ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারবাজির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। তাকে নিজে ও পরিবারের পরিচয়পত্র, পাসপোর্ট, আয়কর নথি এবং ব্যাংক বিবরণীসহ হাজির হতে বলা হয়েছে।
এরপর গত ২৭ মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব তাদের বিরুদ্ধে দেশত্যাগ নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেন।
এমবি/এসআর

