মাদারীপুরে পাঁচ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পাঁচটি স্থানে মশাল মিছিল করেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পাঁচটি স্থানে মশাল মিছিল করেছে। সোমবার রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় এসব ঝটিকা মিছিল বের হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে ছিলারচর এলাকার বড় সেতুর ওপর ১৫-১৭ জন মশাল হাতে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে এগিয়ে যান। তাদের হাতে একটি ব্যানারও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীদের মুখে মাস্ক, মাথায় শীতের টুপি বা চাদর।
পরে রাত ১টার দিকে ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় আরও চারটি মশাল মিছিল বের হয়। প্রতিটি মিছিলে ১০-১২ জন করে অংশ নেন। এসব ভিডিওও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমবি/টিআই

