গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুরের বকুলতলা এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Nov 19, 2025 - 10:25
 0  3
গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের বকুলতলা এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লাগা আগুনে কোটি টাকার ঝুট মালপত্র পুড়ে গেছে এবং গুদামে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা–শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের মালিকানাধীন ঝুট গুদামে হঠাৎ আগুন দেখা যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন দ্রুত তীব্র হয়ে উঠলে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের প্রচণ্ডতায় গুদামের সব ঝুট মালপত্র এবং তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের গাজীপুর অঞ্চলের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এমবি/টিআই