ভূমিকম্পে এখন পর্যন্ত ২ শিশুসহ নিহত ৬, প্রধান উপদেষ্টার শোক

Nov 21, 2025 - 16:50
 0  3
ভূমিকম্পে এখন পর্যন্ত ২ শিশুসহ নিহত ৬, প্রধান উপদেষ্টার শোক

মেঘনাবার্তা প্রতিনিধি:

দেশে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ২ শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নরসিংদীর মাধবদী এলাকায় এর উৎপত্তি হয়ে থাকে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীসহ বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। ঘটনার সময় আশপাশে লোকজন দৌড়ে গিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করেন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা ও এক প্রতিবেশী নারী আহত হন। অন্যদিকে নরসিংদীর পলাশ উপজেলায় মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মারা যান। একই জেলায় গাবতলীতে দেয়াল ধসে ওমর (১০) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় শতাধিক মানুষ আহত হয়েছেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি মেডিক্যাল টিম সক্রিয় রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

এমবি/এসআর