বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলকে পুনরায় বহাল করার উদ্যোগ জোরদার হয়েছে।

Dec 13, 2025 - 17:01
 0  3
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলকে পুনরায় বহাল করার উদ্যোগ জোরদার হয়েছে। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদর দফতর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত। জানা গেছে, ভারতসহ এই অঞ্চলের ১০টি সদস্য দেশের মধ্যে অন্তত ছয়টি দেশ সায়মা ওয়াজেদকে অবিলম্বে তার পদে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে। সমর্থনকারী দেশগুলোর দাবি, একটি মাত্র সদস্য দেশের আপত্তির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো সংস্থার প্রচলিত নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সদস্য দেশগুলো আরও যুক্তি দিয়েছে, ছুটিতে থাকলেও সায়মা ওয়াজেদ পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন। ফলে দায়িত্ব পালন না করিয়েও জাতিসংঘের একটি সংস্থাকে এই ব্যয়ভার বহন করতে হচ্ছে, যা আর্থিক ও প্রশাসনিকভাবে যুক্তিসংগত নয় বলে তারা মনে করছে।

আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি সফরে আসছেন। এই সফরে তিনি সংস্থার নতুন কার্যালয় ভবন উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই সফরের সময়ই সায়মা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারত ও সমর্থনকারী দেশগুলো চাইছে, মহাপরিচালকের উপস্থিতিতেই তাকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ ফিরিয়ে দেওয়া হোক।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ নির্ধারিত রয়েছে ২০২৯ সাল পর্যন্ত। তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের আপত্তির প্রেক্ষাপটে গত ১১ জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়।

এর আগে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ ও সরকারের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। তার অনুপস্থিতিতে ক্যাথরিনা বোয়েহমি ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছুটিতে পাঠানোর পর ডব্লিউএইচও-এর ওয়েবসাইট থেকে সায়মা ওয়াজেদের নাম ও ছবি সরিয়ে নেওয়া হলেও সদস্য দেশগুলোর চাপের মুখে তা পরবর্তীতে পুনরায় যুক্ত করা হয়। বর্তমানে তিনি দিল্লিতেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ডব্লিউএইচও-এর পক্ষ থেকে সায়মা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। এর আগে তার অপসারণ চেয়ে দুদকের পাঠানো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডব্লিউএইচও-তে পাঠানো হয়েছিল। তবে সাম্প্রতিক পুনর্বহাল উদ্যোগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

এমবি এইচআর