জুলাই যোদ্ধাদের হয়রানি করে প্রকৃত চাঁদাবাজি আড়াল করা হচ্ছে : নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে তা জাতির কাছে পরিষ্কার। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করতেই আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে তা জাতির কাছে পরিষ্কার। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করতেই আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতের পর কারামুক্ত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর টঙ্গীর বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম সুরভীর ঘটনায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচনে একটি বিশেষ দলের পক্ষে মিডিয়া কাজ করছে। মিডিয়া যদি কোনো দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তিনি গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। পরে রাত সোয়া ৮টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন।
এর আগে একই দিন দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ হয়।
রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সুরভী চিৎকার করে বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’
১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে সুরভী টঙ্গীর নিজ বাসায় ফিরে আসেন। এ খবর পেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসায় গিয়ে সুরভী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এমবি এইচআর

