চোর সন্দেহে ধাওয়া খেয়ে খালে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Jan 6, 2026 - 19:00
 0  2
চোর সন্দেহে ধাওয়া খেয়ে খালে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চকগৌরি বাজার এলাকা সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে চকগৌরি বাজার এলাকায় চোর সন্দেহে কয়েকজন যুবক মিঠুন সরকারকে ধাওয়া করে। একপর্যায়ে তিনি দৌড়ে বাজারসংলগ্ন খালে ঝাঁপ দেন। এরপর দীর্ঘ সময় তাকে খালের পানিতে দেখা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রাজশাহী থেকে ডুবুরি দলকে নিয়ে তল্লাশি শুরু করে। পরে বিকেলে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চোর ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে চোর সন্দেহে গণধাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এমবি এইচআর