‘ডাকসু মাদকের আড্ডাখানা–বেশ্যাখানা ছিল’ বলা সেই জামায়াত নেতাকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার দলীয় সদস্য (রুকন) পদও স্থগিত করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বরগুনা-২ (বামনা–পাথরঘাটা–বেতাগী) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। গত শনিবার পাথরঘাটা উপজেলার কাটাখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন,
‘ডাকসু নির্বাচনের পরে আমরা দেখেছি, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটাকে ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে।’
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
শামীম আহসানকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক এক জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে তার বেফাঁস মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত হয়েছেন। ওই বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি দলটির নীতি ও আদর্শের পরিপন্থী। এ কারণে জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে এবং সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর বরগুনা জেলার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন সংবাদমাধ্যমকে বলেন, শামীম আহসান যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা দলের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে শামীম আহসানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা আফরোজ নামের এক ব্যক্তি।
এমবি এইচআর

