শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতি থেকে দূরে রাখতে হবে : বেবী নাজনীন

Oct 19, 2025 - 18:41
 0  2
শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতি থেকে দূরে রাখতে হবে : বেবী নাজনীন

মেঘনাবার্তা প্রতিনিধি: জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন বলেছেন, “শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে। শিল্পীরা যেন নির্বিঘ্নে গান গাইতে, নাটক-সিনেমা করতে, নাচতে বা খেলতে পারেন, সে জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

শনিবার রাজধানীতে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ডের ২৪তম আসরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সংগীতে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বেবী নাজনীনকে ‘বিশেষ সম্মাননা’ দেওয়া হয়।

তিনি বলেন, “আমি রাজনীতিতে সক্রিয়। তবে আমার মূল উদ্দেশ্য সমাজসেবা, সংস্কৃতিকে লালন ও শিল্পীদের নিরাপত্তা দেওয়া। দেশের সংস্কৃতি যদি সমৃদ্ধ না হয়, তাহলে দেশও সমৃদ্ধ হতে পারে না।”

শিল্পীদের মধ্যে বিভাজন প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, “এই বিভাজন আসে তাদের কাছ থেকে যারা কালচারকে লালন করে না। শিল্পীরা দেশের সম্পদ—তাদের ফ্রিডম অব স্পিচ থাকতে হবে। শিল্পীরা ভালো লাগার গান গাইতে পারবে, আর এজন্য কাউকে কালো তালিকাভুক্ত করা উচিত নয়।”

অনেক বছর যুক্তরাষ্ট্রে থাকা বেবী নাজনীন জানান, বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে অতীতে তার পেশাগত কর্মকাণ্ডে বাধা এসেছে। তবে দেশে ফিরে তিনি সংস্কৃতি ও শিল্পীদের অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছেন।

এমবি/এসআর