মা হারালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন
মেঘনাবার্তা প্রতিনিধিঃ অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে জানিয়েছেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি—আমার মা বেগম তহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”
শাওনের পোস্টে উল্লেখ করা হয়, প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে হবে। তিনি সবাইকে তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
বেগম তহুরা আলী ফেনীতে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেছেন।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি—১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এমবি–এসআর

