হোটেল থেকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘নার্স দেবী’র মরদেহ উদ্ধার

Nov 3, 2025 - 17:37
 0  4
হোটেল থেকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘নার্স দেবী’র মরদেহ উদ্ধার

মেঘনাবার্তা আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাব থেকে জনপ্রিয় তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘নার্স দেবী’ নামে পরিচিত ছিলেন।

মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দেশটির বিখ্যাত র‍্যাপার নামউই তাকে বাথরুমে অসাড় অবস্থায় পান। তিনি দ্রুত সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় ফোন করেন।

তবে অভিযোগ উঠেছে— যোগাযোগের প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুল্যান্স।
নামউই বলেন,“যখন আমি ফোন করি, তারা আমাকে উল্টো বকাঝকা করে। পরে অনেক দেরিতে আসে অ্যাম্বুল্যান্স।”

অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এই ইনফ্লুয়েন্সারকে।

তার ম্যানেজার ক্রিস জানান, সিহ ইউ-সিন শুটিংয়ের জন্য মালয়েশিয়ায় গিয়েছিলেন এবং হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন,“নার্স দেবীর আকস্মিক মৃত্যুতে পরিবার গভীর শোকে আছে। মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করা হয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় ৫ লাখেরও বেশি অনুসারী থাকা সিহ ইউ-সিন স্বাস্থ্য ও সেবামূলক কনটেন্টের জন্য বেশ জনপ্রিয় ছিলেন। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে তার অবদানেই নেটিজেনরা তাকে স্নেহভরে ‘নার্স দেবী’ নামে ডাকতেন।

এমবি/এসআর