বিশ্বমঞ্চে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা

Nov 12, 2025 - 16:46
 0  2
বিশ্বমঞ্চে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা

মেঘনাবার্তা প্রতিনিধি:
সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আবারও বিশ্বমঞ্চে উড়ছে লাল-সবুজের পতাকা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর এবার বিশেষ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। থাইল্যান্ডের ঝলমলে মঞ্চে এবার দেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা—যিনি গত সেপ্টেম্বরে অর্জন করেছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট। এখন তিনি শুধু একজন প্রতিযোগী নন, বরং বাংলাদেশের গর্ব, যিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন বাঙালি নারীর সৌন্দর্য, শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীকী রূপ।

বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন ও ভোটিং কার্যক্রম। বিশ্বের ১২১ দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মিথিলা। ভোটিং পর্বে তিনি পেয়েছেন প্রায় ৭৩ হাজার ভোট, যা তাকে বিশ্ব তালিকায় পঞ্চম স্থানে তুলে এনেছে।

নিজের আবেগ প্রকাশ করে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি কাঁদছি, সত্যি বলতে জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।’

কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।’

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেট শহরে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৫-এর জমকালো গ্র্যান্ড ফিনালে। গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরি কে হবেন, তা জানতে আর অপেক্ষা মাত্র কয়েক দিনের।

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা ও ২০২৪ সালে আনিকা আলম বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এমবি/এসআর