আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন ও ভাই আলিসান
মেঘনাবার্তা প্রতিনিধি:
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। আজ রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন তাদের আইনজীবী তুহিন হাওলাদার। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন। তবে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করে দীর্ঘদিন টালবাহানা করেন। ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে মেহজাবীন ও তার ভাইসহ আরও ৪-৫ জন তাকে গালাগাল ও জীবননাশের হুমকি দেন।
হুমকির কারণে বাদী ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। এরপর ২৪ মার্চ আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
এমবি/এসআর

