ইউরোপজুড়ে বার্ড ফ্লুর নতুন ঢেউ, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

Oct 23, 2025 - 16:20
 0  2
ইউরোপজুড়ে বার্ড ফ্লুর নতুন ঢেউ, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

মেঘনাবার্তা প্রতিনিধি: ইউরোপজুড়ে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাবের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

বেলজিয়ামের ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্রান্সও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বেলজিয়ামের ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের ভাইরাস শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কি মারা গেছে এবং আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়েছে। স্লোভাকিয়াতেও নতুন প্রাদুর্ভাব ধরা পড়েছে।

নেদারল্যান্ডসে মধ্য-পূর্বাঞ্চলের একটি খামারে সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইউরোপজুড়ে খাদ্য সরবরাহ ও পোলট্রি খাতের উপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এমবি/এসআর