গাছের গুঁড়ি দিয়ে বানানো ২২ চাকার ভেসপায় দাপিয়ে বেড়াচ্ছে ইন্দোনেশিয়ার যুবক

Oct 29, 2025 - 10:47
 0  4
গাছের গুঁড়ি দিয়ে বানানো ২২ চাকার ভেসপায় দাপিয়ে বেড়াচ্ছে ইন্দোনেশিয়ার যুবক

মেঘনাবার্তা প্রতিনিধি: ইন্দোনেশিয়ার তাঙ্গেরাং শহরের রাস্তায় দেখা মিলেছে গাছের গুঁড়ি দিয়ে তৈরি অদ্ভুত এক ভেসপার। বিশাল এই বাইকে রয়েছে ২২টি চাকা। রাস্তায় বের হলেই পথচারীরা একনজর দেখতে থমকে দাঁড়ান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ট্রি ভেসপার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে দেখেছে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। ভিডিওটি বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অদ্ভুত এই ভেসপারটির নির্মাতা নিও ভেসপা নামের সৃজনশীল এক যুবক। তিনি জানান, ২০১৪ সালে নিজের বাড়ির একটি পুরোনো গাছ কেটে ফেলার পর মাথায় আসে অনন্য এক ভাবনা—গাছের গুড়ি দিয়েই বানাবেন এক অভিনব ভেসপা। এরপর হাতে তৈরি কাঠের গুঁড়ির সঙ্গে জোড়া লাগান ভেসপার ফ্রেম। কোনো ধরনের আঠা বা ওয়েল্ডিং ছাড়াই কেবল লোহার তার দিয়ে তৈরি করেন সম্পূর্ণ বাইকটি।

নিও বলেন, “আমি চেয়েছিলাম সবার থেকে আলাদা কিছু তৈরি করতে, এবং আমি সেটিতে সফল হয়েছি।” আশ্চর্যের বিষয় হলো, কাঠের তৈরি হলেও একসঙ্গে ৪ জন মানুষ বহন করতে পারে এই ভেসপাটি।

তুমুল জনপ্রিয়তার কারণে এই কাঠের ভেসপাটি এখন ইন্দোনেশিয়ার ‘ভেসপা গেমবেল’ সংস্কৃতির প্রতীকে পরিণত হয়েছে। অনেকেই একে বলছেন “ম্যাড ম্যাক্স-স্টাইল ভেসপা”—সৃজনশীলতা ও ব্যতিক্রমী নকশার এক দুর্দান্ত নিদর্শন হিসেবে।

এমবি/এসআর