শেখ হাসিনার রায় নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া
মেঘনাবার্তা প্রতিনিধি: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল রাতে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, জাতিসংঘ যেকোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।
রাভিনা শামদাসানি জানান, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়টি গত বছরের আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি “গুরুত্বপূর্ণ মুহূর্ত”।
তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের প্রকাশিত তথ্যভিত্তিক প্রতিবেদনের পর থেকে জাতিসংঘ দায়ীদের আন্তর্জাতিক মান অনুযায়ী জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে, এবং ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, যদিও তারা পুরো বিচারপ্রক্রিয়া প্রত্যক্ষ করেনি, তবে আন্তর্জাতিক অপরাধ সম্পর্কিত মামলায় সুষ্ঠু বিচার ও যথাযথ প্রক্রিয়া (due process) নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। বিশেষত এই বিচারটি আসামিদের অনুপস্থিতিতে (in absentia) পরিচালিত হয়েছে—যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা নিয়ে প্রশ্ন তৈরি করে।
রাভিনা শামদাসানি বলেন, মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে তারা গভীর দুঃখ প্রকাশ করছেন, কারণ জাতিসংঘ সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিপক্ষে।
মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপত্তা খাত সংস্কারসহ একটি সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগিয়ে যাবে। তিনি সবাইকে শান্ত ও সংযমী থাকার আহ্বানও জানিয়েছেন।
জাতিসংঘ বলেছে, এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করতে তারা প্রস্তুত।
এমবি/এসআর

