১ জানুয়ারি থেকে অতিরিক্ত মোবাইল সিম বন্ধ, সর্বোচ্চ ৫টি সিম ব্যবহার করা যাবে

মোবাইল সিম ব্যবহারে অনিয়ম ও অপব্যবহার রোধে আরও কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি মোবাইল সিম সক্রিয় রাখতে পারবেন।

Dec 27, 2025 - 18:35
 0  2
১ জানুয়ারি থেকে অতিরিক্ত মোবাইল সিম বন্ধ, সর্বোচ্চ ৫টি সিম ব্যবহার করা যাবে
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মোবাইল সিম ব্যবহারে অনিয়ম ও অপব্যবহার রোধে আরও কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি মোবাইল সিম সক্রিয় রাখতে পারবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে যেসব গ্রাহকের নামে ছয় থেকে ১০টি পর্যন্ত সিম রয়েছে, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে সিমের সংখ্যা কমিয়ে পাঁচে নামিয়ে আনা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল না করলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসি জানিয়েছে, সিম ব্যবহারে অনিয়ম ও অপব্যবহার কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মোবাইল ফোন অপারেটররা আগের মতোই এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে।

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৫৯ লাখ, রবির ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৭৯ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ ৭০ হাজার। দেশে মোট নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ, যার মধ্যে প্রায় ১৯ কোটি সিম বর্তমানে সক্রিয়।

গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম থাকলে অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেয় বিটিআরসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, সে সময় এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম ছিল প্রায় ৬৭ লাখ। এর মধ্যে গত তিন মাসে প্রায় ১৫ লাখ সিম স্বেচ্ছায় বাতিল করেছেন গ্রাহকরা। তবে এখনো প্রায় ৫০ থেকে ৫৩ লাখ অতিরিক্ত সিম বাতিল হয়নি।

বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব সিম বাতিল না করায় এখন সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে।

এমবি এইচআর