আগামী রবিবার থেকে ফের ফরিদপুর মহাসড়ক অবরোধের ঘোষণা

Sep 11, 2025 - 19:45
 0  2
আগামী রবিবার থেকে ফের ফরিদপুর মহাসড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-৪ আসনের সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে গত চার দিন থেকে মহাসড়ক অবরোধ করছেন ভাঙ্গা উপজেলার স্থানীয়রা। এ দাবিতে আগামী রবিবার দিন-রাত অবরোধের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা।

আগামীকাল শুক্রবার ও শনিবার অবরোধ বন্ধ রেখে রবিবার থেকে দিন-রাত অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বিকেল পৌনে ৬টার দিকে ভাঙ্গা হাসপাতালের সামনে অবরোধ চলাকালে মাইকে এ ঘোষণা দেন আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া। 

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা) সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। 

গত ৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) অন্তর্ভুক্ত করা হয়।

সীমানা পুর্নবহালের দাবিতে গত শুক্রবার সকালে ও সন্ধ্যায় দুই দফায় ৯ ঘণ্টা, মঙ্গলবার ১০ ঘণ্টা, বুধবার ১১ ও আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা অবরোধ করে স্থানীয় জনতা। এতে দুইটি মহাসড়কের অন্তত ২১টি জেলার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় বিক্ষোভ শুরু করে স্থানীয় জনতা। পরে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড, নোয়াপাড়া বাসস্ট্যান্ড, পুকুরিয়া, ভাঙ্গা পৌরসভার সামনে, হাসপাতাল মোড়, আলগী ইউনিয়নের সুয়াদীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।

অন্যদিকে, সকাল থেকেই ঢাকা-বেনাপোল-খুলনা রেললাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধরা। 

কৈডুবি রেলগেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয়রা। ফলে আজকে কোনো ট্রেন যাতায়াত করেনি।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় ৮টা ১৫ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছাতে পারেনি।

মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ দিনভর বন্ধ রয়েছে। স্থানীয় জনগণ তাদের দাবি নিয়ে সকাল থেকেই সড়কে অবস্থান করছেন। 

এমবি/এসআর