শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

Oct 10, 2025 - 11:25
 0  2
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে—আজই শহিদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।

পোস্টে আরও উল্লেখ করা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। দ্রুত তার মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও পোস্টে জানানো হয়।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা যোগ দেন।

গত বুধবার গাজাগামী ওই নৌবহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে শহিদুল আলমসহ সব যাত্রী ও নাবিককে আটক করে নিয়ে যায়।

এমবি এইচআর