খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোক প্রস্তাব
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। আজ বুধবার রাজ্যসভায় এই শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের শোক প্রকাশ করা হয়। শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা সব সময় স্মরণ করা হবে। এ উপলক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে স্বাক্ষর করেন।
শোকবার্তায় রাজনাথ সিং লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এমবি এইচআর

