এক মাসে দ্বিগুণ মবসন্ত্রাস, বাড়ছে প্রাণহানি

এক মাসের ব্যবধানে দেশে মবসন্ত্রাস বা গণপিটুনির ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। জানুয়ারি মাসে গণপিটুনির ২৮টি ঘটনায় নিহত হয়েছেন ২১ জন।

Feb 1, 2026 - 13:55
 0  2
এক মাসে দ্বিগুণ মবসন্ত্রাস, বাড়ছে প্রাণহানি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

এক মাসের ব্যবধানে দেশে মবসন্ত্রাস বা গণপিটুনির ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। জানুয়ারি মাসে গণপিটুনির ২৮টি ঘটনায় নিহত হয়েছেন ২১ জন। এর আগের মাস ডিসেম্বরে ২৪টি ঘটনায় নিহত হন ১০ জন। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে মবসন্ত্রাসে নিহতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

শনিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে গণপিটুনির শিকার ১৭ জনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহতদের মধ্যে একজনকে ছিনতাই, ১০ জনকে চুরি, দুজনকে খুন, একজনকে ডাকাতি, একজনকে অনৈতিক সম্পর্ক, চারজনকে বাগ্‌বিতণ্ডা, একজনকে মাদক কারবার এবং একজনকে চাঁদাবাজির অভিযোগে হত্যা করা হয়েছে।

এমএসএফের মতে, গণপিটুনির ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধির পেছনে আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠছে।

প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার চিত্রও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। জানুয়ারিতে ৬৪টি নির্বাচনী সহিংসতার ঘটনায় চারজন নিহত ও ৫০৯ জন আহত হন। ডিসেম্বরে সাতটি সহিংসতায় একজন নিহত ও ২৭ জন আহত হওয়ার তুলনায় জানুয়ারিতে আহতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এমএসএফ বলছে, এটি প্রমাণ করে যে নির্বাচনী প্রক্রিয়া ক্রমেই প্রাণঘাতী সহিংসতার দিকে ধাবিত হচ্ছে।

জানুয়ারিতে সারা দেশে ৫৭টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করা হয়েছে, যা ডিসেম্বরে ছিল ৪৮টি। সংস্থাটি মনে করে, অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধি সমাজে সহিংসতা, গুম ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা বাড়িয়ে তুলছে। একই সঙ্গে কারা হেফাজতে মৃত্যুর ঘটনাও বেড়েছে—ডিসেম্বরে ৯ জনের বিপরীতে জানুয়ারিতে মৃত্যু হয়েছে ১৫ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও বেড়েছে। এ মাসে প্রতিমা ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর ও মামলাসহ সংখ্যালঘু নির্যাতনের ১৫টি ঘটনা ঘটেছে, যেখানে ডিসেম্বরে ছিল চারটি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুইজনের মৃত্যু এবং গোলাগুলিতে একজন নিহত হওয়ার তথ্যও উঠে এসেছে।

নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে জানুয়ারিতে। এ মাসে ২৫৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা আগের মাসের তুলনায় ১৪টি বেশি। জানুয়ারিতে ধর্ষণের ঘটনা ৩৪টি, দলবদ্ধ ধর্ষণ ১১টি এবং ধর্ষণ ও হত্যার ঘটনা তিনটি। ধর্ষণের শিকারদের মধ্যে ছয়জন শিশু ও ১১ জন কিশোরী রয়েছে। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন দুই কিশোরী ও নয়জন নারী। এ ছাড়া ৩২ জন আত্মহত্যা করেছেন, যার মধ্যে ১৩ কিশোরী ও ১৯ নারী।

এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, গণপিটুনি ও মবসন্ত্রাসের ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকায় এসব ঘটনা দিন দিন বাড়ছে। একইভাবে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ক্ষেত্রে পুলিশের তৎপরতা থাকলেও পরিচয় শনাক্ত ও অপরাধীদের ধরার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। তাঁর মতে, জানুয়ারি মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি ছিল অত্যন্ত শঙ্কাজনক।

এমবি এইচআর