পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ চলে যাওয়ায়, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি নেসকোর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মেঘনাবার্তা প্রতিনিধি: পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি নেসকোর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লংমার্চের সমাপনী বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, “এর আগেও এনসিপির প্রোগ্রাম চলাকালে বারবার বিদ্যুৎ চলে গেছে। নেসকোর দায়িত্বশীলরা এর জবাব দিতে হবে। যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন করছে, তাদের আমরা দেখে নেব— তাদের কলিজা কত বড়, তা বুঝিয়ে দেব।”
তিনি আরও বলেন, “এর পর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, সেই প্রতিষ্ঠান এখানে টিকতে পারবে না। আমরা দুর্নীতিবাজ, দখলদার, সিন্ডিকেট পরিচালনাকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যত দিন বেঁচে আছি, তাদের শান্তির ঘুম হবে না।”
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত এনসিপির লংমার্চ শুরু হয়। লংমার্চে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি পিকআপ নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম। এতে অংশ নেন এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীসহ এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতা–কর্মীরা।
সারজিস আলম অভিযোগ করেন, “যখনই চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলা হয়, তখনই বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা ভয় পাই না, পঞ্চগড়ের মাটিতে অপকর্মের কোনো স্থান থাকবে না।”
এমবি এইচআর

