তিস্তা বাঁচাতে বিএনপির নেতৃত্বে পাঁচ জেলায় একসাথে মশাল প্রজ্জ্বলন

Oct 17, 2025 - 09:23
 0  2
তিস্তা বাঁচাতে বিএনপির নেতৃত্বে পাঁচ জেলায় একসাথে মশাল প্রজ্জ্বলন

মেঘনাবার্তা প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে দেশের উত্তরাঞ্চল।
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচ জেলায় ১১টি পয়েন্টে একযোগে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায়।

লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একই সময়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, “তিস্তা শুধু উত্তরবঙ্গের নয়, এটি বাংলাদেশের অর্থনীতির শিরা-উপশিরা। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে।”
দুলু আরও হুঁশিয়ারি দেন, নভেম্বরের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন শুরু না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর অচল করে দেওয়া হবে।

আন্দোলন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তিস্তার ভাঙন ও চর জেগে ওঠায় হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে। কৃষিজমি ও ঘরবাড়ি হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে লাখো মানুষ।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা অংশ নেন। স্লোগান ওঠে—
“জাগো বাহে, তিস্তা বাঁচাই — তিস্তার ন্যায্য হিস্যা চাই।”

এমবি/এসআর