জামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরোহা গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরোহা গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. হেলাল উদ্দিন উল্লাপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ সামিহা খাতুন ও তার স্বামী শাকিল হোসেন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগটি জানান। সামিহা খাতুন বলেন, ১৩ অক্টোবর গভীর রাতে তারা ঘুমিয়ে থাকাকালে হেলাল উদ্দিন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বিছানায় ওঠেন। চিৎকারে হেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ঘটনাস্থল থেকে লুঙ্গি ও জুতা ফেলে যান। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
ভুক্তভোগীর স্বামী শাকিল হোসেন বলেন, তাদের পরিবার বিচার চেয়েছে, কিন্তু স্থানীয় কোনো সাহায্য বা নিরাপত্তা পাননি। উল্টো পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রতিবেশী আনিছুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।
অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমিরও ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
এমবি/টিআই

