জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় ছাত্রী গ্রেফতার
মেঘনাবার্তা প্রতিনিধি:
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশাল থানার নূরবক্স রোডের রৌশান ভিলা থেকে ছাত্রী বর্ষা আক্তারকে আটক করা হয়। আটক অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ শ্লোগান দিয়ে হত্যার বিচার দাবি করেন।
এর আগে একইদিন সন্ধ্যায় ওই ভবনের সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় জুবায়েদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, ছুরিকাঘাতে জুবায়েদ নিহত হন। ঘটনাস্থলে ব্যাপক রক্ত ছড়িয়ে ছিল। তিনি ওই বাসায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও হায়ার ম্যাথ পড়াতেন।
জবি শিক্ষার্থীরা জানান, বিকেলে পড়াতে যাওয়ার আগে জুবায়েদ ওই ছাত্রীকে ফোন করে জানিয়ে ছিলেন যে তিনি নূরবক্স লেনে প্রবেশ করেছেন। এরপরই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে বাসার সিঁড়িতে রক্তের দাগ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “রক্তের চিহ্ন নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত গেছে—মনে হচ্ছে প্রাণে বাঁচার চেষ্টা করেছিলেন তিনি। ঘটনার সময় কেউ কিছু টের পায়নি, এমনকি ভবনের সিসিটিভিও বন্ধ ছিল।”
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছি। নিহতের ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততার আলামত পাওয়া গেছে। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পর থেকে আরমানিটোলা ও তাঁতিবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এমবি/এসআর

