ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ব্যাটারি ও ইউপিএস চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ব্যাটারি ও ইউপিএস চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
গ্রেপ্তার পাঁচজন হলেন—ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজা (৩০), জনি শেখ (২৯), শহিদ (৫০), আব্দুস সালাম (৩৫) ও মিলন শেখ (৪০)।
পুলিশ সুপার জানান, চলতি বছরের আগস্টে তিন দফা এবং অক্টোবরে এক দফায় শ্রীনগর থানাধীন এক্সপ্রেসওয়ের সিসিটিভি ক্যামেরা থেকে ১৮টি ইউপিএস ও ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় সড়ক ও জনপথ অধিদপ্তর মামলা করে।
ডিবি পুলিশের প্রযুক্তিগত সহায়তায় মূলহোতা ইব্রাহীমকে সার্ভিস লেনের চালতিপাড়া ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে মুন্সীগঞ্জ, কেরানীগঞ্জ ও কদমতলি এলাকা থেকে বাকি চারজনকে আটক করা হয়।
পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নেওয়া হবে এবং চুরি হওয়া অবশিষ্ট মালপত্র উদ্ধারের অভিযান অব্যাহত আছে।
এমবি/টিআই

